সিদ্ধিরগঞ্জে চোরাই জেট ফুয়েলসহ গ্রেফতার ২

র্যাব-১১-এর অভিযানে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের একটি প্রতিষ্ঠান থেকে ৩ হাজার লিটার চোরাই জেট ফুয়েল (প্লেনের জ্বালানি তেল) সহ দুজন গ্রেফতার হয়েছে। গতকাল শুক্রবার সকালে ১৪টি ড্রাম ভর্তি এই জেট ফুয়েল জব্দ করা হয়।

র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের চক্র গড়ে উঠেছে। এই দুই ডিপো হতে প্রতিদিন জ্বালানি তেলবাহী শত শত লরি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। বিভিন্ন স্থানে চোর চক্রের কাছে কিছু ড্রাইভার-হেলপার কম মূল্যে কিছু পরিমাণ জ্বালানি তেল নিয়মিত বিক্রি করে আসছে। ঐ চক্র এ ভাবে জ্বালানি তেল সংগ্রহ এবং মজুত করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে।

র্যাবের একটি আভিযানিক দল ব্যাপক তদন্ত করে চোরাই চক্রের সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহ করে। এরই ধারাবাহিকতায় গতকাল সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডের হাজী ইব্রাহিম খলিল শপিং কমপে­েক্স অভিযান পরিচালনা করে ১৪টি ড্রাম ভর্তি ৩ হাজার লিটার চোরাই জেট ফুয়েল জব্দ করে যার আনুমানিক মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। এ সময়ে তেল চুরির কাজে ব্যবহূত একটি নীল রঙের ছোট পিকআপ ভ্যানও জব্দ করা হয়। এ সময় চোরাই চক্রের সক্রিয় সদস্য মো. নাছির আলী এবং মো. হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ এবং মজুত করে অবৈধভাবে কেনাবেচা করে আসছিল। চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃতদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।