নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ১৯ জন দালালকে আটক করেছে র্যাব-১১। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাদা পোশাকে র্যাব হাসপাতালের বহির্বিভাগ ও জরুরি বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের মধ্যে যাচাই বাছাই করে ৯ জনকে মুচলেকা দিয়ে এবং একজন অসুস্থ থাকায় ছেড়ে দেওয়া হয়। বাকী ৯ জনকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন দুলাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, ফরিদ, আব্দুল খালেক, রিপন, ইব্রাহীম, বাদল মিয়া, মাকসুদা ও আব্বাস উদ্দিন। এদিকে অভিযান চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। খানপুর ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে সরকারি অর্থায়নে প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বহুতল ভবনের নকশা পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আয়োজিত একটি সভায় যোগ দিতে হাসপাতালে উপস্থিত হয় এমপি সেলিম ওসমান। তিনি জেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। আটকদের যাচাই বাছাই ও দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হাসপাতালের সম্মেলন কক্ষে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সেলিম ওসমান বলেন, হাসপাতালের অভ্যন্তরে দালালদের দৌরাত্ম্য ও অনিয়ম ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে। আজকে (বৃহস্পতিবার) প্রাথমিকভাবে শাস্তি কম দেওয়া হয়েছে। ভবিষ্যতে শাস্তির মেয়াদ আরো বৃদ্ধি করতে হবে। আর হাসপাতাল কর্তৃপক্ষের কেউ যদি কোনো প্রকার অনিয়মের সাথে জড়িত থাকেন এবং অভিযোগের প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।