সাভারে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

সাভারে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে দেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আশুলিয়ার জিরাবো, তৈয়বপুর ও পার্শ্ববর্তী এলাকায় এ অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালায় তিতাস। এ সময় প্রায় ১ হাজার বাড়ির অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি ব্যবহূত রাইজার, নিম্নমানের পাইপ, চুলা ও রেগুলেটর জব্দ করা হয়েছে। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী আবু সাদাত্ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অভিযানে ৯০ সদস্যের একটি শ্রমিকদল অংশ নেয়।

প্রকৌশলী আবু সাদাত্ মোহাম্মদ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বৃহস্পতিবার সাভারের জিরাবো ও তৈয়বপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এখানে রাতের আঁধারে বাসাবাড়িতে অবৈধ গ্যাস-সংযোগের বিনিময়ে এলাকার কিছু প্রভাবশালী স্থানীয়দের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছে। এছাড়া, এরা বিভিন্ন সময়ে সরকারি দলের নেতাদের নাম ভাঙিয়ে অবৈধ সংযোগকে বৈধ করার নামেও টাকা হাতিয়ে নিচ্ছিল। এসব অভিযোগের ভিত্তিতে এ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় সম্পদের চুরি ঠেকাতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া, অবৈধ গ্যাস-সংযোগ প্রদানকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. মহিউদ্দীন আহম্মেদ, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন।