সোনারগাঁওয়ে বাড়িতে ক্রিকেট বল পড়ায় ১০ জনকে কুপিয়ে জখম!

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়িতে ক্রিকেট বল পড়াকে কেন্দ্র করে একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া তারা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নুনেরটেক পশ্চিমপাড়া গ্রামের আমির আলীর পরিবারের সঙ্গে প্রতিবেশী আব্দুল আজিজের পরিবারের দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। গত বুধবার আমির আলীর ছেলে সাইদুল ইসলামসহ কয়েকজন ক্রিকেট খেলার সময় তার বল আব্দুল আজিজের বাড়িতে গিয়ে পড়ে। আব্দুল আজিজ এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাইদুলকে মারধর করে। পরে আমীর আলী তার ছেলেকে মারধরের ঘটনায় বুধবার রাতে স্থানীয় মাতবরের কাছে বিচার চাওয়ায় আব্দুল আজিজের নেতৃত্বে খান বাহাদুর, মাজহারুল ইসলাম, করিম আলী, মনির হোসেন, মোসলেম মিয়া, মেহেদী হাসান, আবুল হোসেন, মোক্তার হোসেনসহ ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আমির আলীর পরিবারের ওপর হামলা চালায়। হামলাকারীরা আমির আলী, হালিমুন, সাইদুল ইসলাম, ওয়াসকুরনী, বাহাউদ্দিন, সালাউদ্দিন, শিশু জান্নাত, সমলা বেগম, দিল মোহাম্মদ ও শাহারুনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এছাড়া হামলাকারীরা আমির আলীর বাড়িঘরে ভাঙচুর চালায় ও নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে। আহতদের নৌকাযোগে হাসপাতালে নেওয়ার সময় নদীর মাঝপথে প্রতিপক্ষ তাদের ওপর আবারো হামলা চালায়। পরে আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।