ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা স্বামীকে দেখে ফেরার পথে কেরনীগঞ্জে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বুধবার রাতে থেকে ভোর পর্যন্ত সংঘবদ্ধ ধর্ষণের এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় কেন্দ্রীয় কারাগারে স্বামীর সঙ্গে দেখা করে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে গন্তব্যস্থলে যাচ্ছিলেন ভুক্তভোগী ওই গৃহবধূ। পথে অটোরিকশায় আরও ২-৩ জন পুরুষ যাত্রী উঠে। এরপর চালক যাত্রীসহ অটোরিকশা নিয়ে কেরানীগঞ্জের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে ওই গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ করা হয়। পরদিন ভোরে সেখানে ভুক্তভোগী গৃহবধূকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা।
এ ঘটনার পর ওই গৃহবধূ দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। সবশেষ বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় তিনজনকে অজ্ঞাত করে মামলা হয়েছে। আমরা দুজনকে গ্রেপ্তার করেছি। বাকি একজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।