বাবরকে নিয়ে মন্তব্যের জন্য হাসান আলির দুঃখপ্রকাশ

পাকিস্তানের পেসার হাসান আলি অবশেষে ক্ষমা চাইলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে নিয়ে করা মন্তব্যের জন্য। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে দেওয়া মন্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পড়েছিলেন এই ক্রিকেটার। দুই বছর পর পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়ে সংবাদ সম্মেলনে ক্ষমা চান তিনি।

বিশ্বকাপ চলাকালীন সময়ে বাবরকে ‘রাজা’ আখ্যা দিয়ে হাসান বলেছিলেন, 'রাজা করে নেবে।' অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছিলেন, দলের অন্যরা ব্যর্থ হলেও বাবর রান করতে পারবেন। তবে বাস্তবে ঘটে উল্টোটা—বিশ্বকাপে বাবর আজম ছিলেন পুরোপুরি ব্যর্থ, ধারাবাহিকভাবে রান পাননি তিনি।

সম্প্রতি পিএসএলের এক ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে হাসান বলেন, 'মানুষ যদি এখন মনে করে আমি যদি বলি "রাজা কিছু করতে পারবে না", তাহলে বাবর রানে ফিরবে—তাহলে আমি সেটাই বলি।'

তিনি আরও যোগ করেন, 'আগে বলেছিলাম "রাজা করে নেবে", তারপর অনেক কিছু হয়েছে। অনেকে সমালোচনা করেছে। যদি কেউ মনে করেন আমি ভুল বলেছিলাম, তাহলে আমি দুঃখিত। তবে আমার অবস্থান এখনো একই—বাবর সেরা ব্যাটারদের একজন। সে অবশ্যই ফর্মে ফিরবে। খারাপ সময় সবারই আসে।'

পিএসএলে করাচি কিংসের হয়ে খেলছেন হাসান আলি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে তিনি পাঁচ উইকেট শিকার করেছেন, যার মধ্যে লাহোর কালান্দার্সের বিপক্ষে রয়েছে চার উইকেট। এছাড়া ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচে ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তবে তার পারফরম্যান্স সত্ত্বেও দল জয়ের মুখ দেখেনি। বর্তমানে পয়েন্ট টেবিলে করাচি কিংস রয়েছে চতুর্থ স্থানে।