ডিবি ও সমম্বয়ক পরিচয়ে সাবেক পুলিশ কর্মকর্তার বাড়িতে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

খুলনায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে নগরের বয়রা আজিজের মোড় এলাকায় পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটক ব্যক্তিরা হলেন খুলনা সদর থানার বাগমার এলাকার মো. মাসুদ রানা (৩০), মিস্ত্রিপাড়া এলাকার মো. ফয়সাল মাহমুদ (২৮), টুটপাড়া মহিরবাড়ী ছোট খালপাড় এলাকার মো. সালাউদ্দিন (৩২) এবং শেরেবাংলা আমতলা এলাকার রিফাত পারভেজ রাফি (২৬)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের সাবেক পরিদর্শক মাহফুজের বাড়ির ভাড়াটিয়া সুমন অনলাইন জুয়ার সঙ্গে জড়িত। সুমনের সেই অপরাধ কর্মকাণ্ডের সূত্র ধরে চার যুবক বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়িতে যান। এ সময়ে তারা ডিবি পরিচয় দিয়ে সুমনের কাছে ২ লাখ টাকা দাবি করেন। চাঁদার টাকা না দিলে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে ভয় দেখানো হয়।

এক পর্যায়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবির খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন গিয়ে তাদের আটকে রেখে থানায় খবর দেন। পরে রাত ১১টার দিকে অভিযুক্ত চার যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দেয়। 

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি, দক্ষিণ) হুমায়ুন কবির বলেন, রাতে আমরা খবর জানতে পারি, ডিবি পরিচয়ে চার যুবক বয়রা আজিজের মোড় এলাকার একটি বাড়িতে চাঁদা দাবি করেন। তারা বাড়ির লোকদের জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেন। পরে তারা ভাড়াটিয়া সুমনের কাছে আরও ২ লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় তাদের মারপিট করেন। পরে ফোর্স পাঠিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা  নেওয়া হবে।