বরগুনায় আবারও প্রকাশ্যে যুবককে কোপানোর চেষ্টা গ্রেফতার ১

বরগুনায় গত ২৬ জুন আলোচিত রিফাত শরীফ হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার জেলার বামনা উপজেলায় আরেক যুবককে প্রকাশ্যে কোপানোর চেষ্টা চালিয়েছে এক যুবক। শুক্রবার সন্ধ্যার দিকে বামনা থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে বামনা উপজেলার সদর রোডে বড়ো মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, বামনা উপজেলার সদর ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মো. মতিন হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (২৫) প্রকাশ্যে দেশীয় দা দিয়ে মো. হাসিব (২১) নামে এক যুবককে প্রকাশ্যে রাস্তায় কোপানোর চেষ্টা করে। এ সময় রাস্তায় চলাফেরা করা লোকজন অতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে, উপস্থিত মানুষের সহায়তায় বামনা থানা পুলিশ তাত্ক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে। ঘটনাস্থল থেকে একটি ধারালো দেশীয় দা উদ্ধার করা হয়েছে।

হামলার শিকার মো. হাসিব জানায়, হামলাকারী সোহেল হাওলাদারের সঙ্গে বিকাল ৫টার দিকে তার বাগবিতণ্ডা হয়। এ সময় দুই জন উত্তেজিত হলে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে দুই জন স্থান ত্যাগ করে বাড়িতে চলে যায়। আধাঘণ্টা পর হাসিব বামনা সদর রোডে বড়ো মসজিদের কাছে এলে হামলাকারী সোহেল একটি দেশীয় ধারালো দা দিয়ে প্রকাশ্যে তার ওপর হামলা করে।

বামনা থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, পুলিশ এ ঘটনায় দ্রুত হামলাকারীকে আটক করেছে।