ইসকন ফুড ফর লাইফের স্কুলে খাবার বিতরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেছেন প্রবর্তক ইসকন শ্রীকৃষ্ণ মন্দির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকালে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির আয়োজিত সংবাদ সম্মেলনে মন্দিরের সাধারণ সম্পাদক দারুব্রহ্ম জগন্নাথ দাস এ কথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত রথযাত্রা অনুষ্ঠানে মহানগরীর ১০টি স্কুলে ইসকন হিন্দু ছাত্র-ছাত্রীদের মাঝে খাবার বিতরণ করে। কিন্তু অত্যন্ত পরিতাপ ও দুঃখের বিষয় এ সেবামূলক মহত্ কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার মানসে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ ছড়ানো হচ্ছে। একটি স্কুলের খাবার গ্রহণের ভিডিও নিয়ে এবং অন্য একটি স্কুলের সাইনবোর্ড ব্যবহার করে ধর্মপ্রাণ মানুষের মাঝে অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। দারুব্রহ্ম জগন্নাথ দাস বলেন, ইসকন বাংলাদেশে শুধু হিন্দু সম্প্রদায়ের মাঝে ধর্মীয় প্রচারমূলক কার্যক্রম পরিচালনা করে এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া এবং তাদের কর্মকাণ্ডের নিন্দা করা ইসকনের ভাবাদর্শের পরিপন্থি । আবহমান বাংলার চিরায়ত সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য আমরা ধারণ করি এবং দলমত নির্বিশেষে সবার সহাবস্থানের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গঠনে আমরা বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, আমাদের আচরণে অনভিপ্রেতভাবে যদি কেউ দুঃখ পেয়ে থাকেন এবং কারো মনে আঘাত লাগে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্কতার সঙ্গে আমাদের কার্যক্রম পরিচালনা করব। এ ব্যাপারে সবার সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লীলারাজ গৌর দাস, রূপেশ্বর গৌরাঙ্গ দাস, স্বতন্ত্র গৌরাঙ্গ দাস, উজ্জল নিলাম্বর দাস, সুচারু কৃষ্ণ দাস, রাধাকান্ত কৃষ্ণ দাস, সোমনাথ দাস, সুন্দরশ্যাম রূপ দাস, উত্তমানন্দ নিতাই দাস, প্রাণকৃষ্ণ দাস, পুন্ডরিক বাসুদেব দাস।