আদমদীঘিতে সংখ্যালঘুর বাড়িতে হামলা, মূর্তি ভাঙচুর

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর এলাকায় সংখ্যালঘুর বাড়িতে হামলা চালিয়ে গোপাল মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের অমল মদকের ছেলে সুকমল মদকের বাড়িতে গতকাল শুক্রবার বেলা ১২টার সময় বাদল, আনছার, বাবু, মোতালেবসহ ৫/৬ জন লাঠিসোটা নিয়ে জোরপূর্বক প্রবেশ করে মারপিট শুরু করে। সুকমল প্রাণের ভয়ে পূজার ঘরে লুকানোর চেষ্টা করে। হামলাকারীরা ঐ ঘরে ঢুকে সুকমলের পূজারত বাবাকে মারপিট করে গোপাল মূর্তি ভাঙচুর করে সুকমলকে অটো ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সুকমলের চিত্কারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাকের সঙ্গে কথা বললে তিনি ঘটনা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।