পরিচালকের মুখে কালি মাখালেই লাখ টাকা পুরস্কার, ব্রাহ্মণদের ঘোষণা

বিপাকে বলিউডের পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ। প্রতীক গান্ধী ও পত্রলেখা অভিনীত ছবি ‘ফুলে’র ছাড়পত্র পেতে দেরি হওয়ায় ব্রাহ্মণদের উপর ক্ষোভ উগরে দেন পরিচালক। তার পর থেকেই একের পর এক কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে। এমনকি অনুরাগের মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে।

পরিস্থিতি বেগতিক দেখে ক্ষমা চেয়েছেন পরিচালক। কিন্তু এতেও শান্ত হয়নি ব্রাহ্মণ সম্প্রদায়। বরং তারা এক ঘোষণায় জানান, এই পরিচালকের মুখে কালি ছিটাতে পারলে নগদ ১ লক্ষ টাকা পুরস্কার দেবে তারা।

অনুরাগ কাশ্যপ। ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, শনিবার (১৯ এপ্রিল) ব্রাহ্মণ সম্প্রদায়দের গোষ্ঠী একটি বৈঠক করে। সেখানকার এক পণ্ডিত বলেন, ‘অনুরাগ কাশ্যপের মন্তব্য দুর্ভাগ্যজনক। ব্রাহ্মণের বিরুদ্ধে কুমন্তব্য নিয়ে শিক্ষা দেওয়া উচিত।’

আর সেখানেই অনুরাগ ক্যাশপকে শাস্তিস্বরূপ তার মুখে কালি মাখানোর নিদান দেওয়া হয়। যে এই কাজ করতে পারবে তার জন্য ১ লক্ষ রুপি নগদ পুরস্কার করা হবে বলেও ঘোষনা করা হয়।

যদিও এ প্রসঙ্গে পরিচালকের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, অনন্ত মহাদেবনের আগামী ছবি ‘ফুলে’ তে সেন্সরের কাঁচি পড়ার পর অনন্তের পক্ষ নিয়ে সরব হয়েছেন অনুরাগ। আর সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। অনুরাগের পোস্টে একজন নেটিজেন তাকে আক্রমণ করেন। তখনই পরিচালক লেখেন, ‘ব্রাহ্মণদের ওপরে আমি মূত্রত্যাগ করি… সমস্যা আছে?’ এরপরই বিতর্ক তুঙ্গে ওঠে। শুক্রবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। আর তারপরই নিজের মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থী হলেন তারকা পরিচালক।