টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় রফিক নামে এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যার দিকে যৌথ বাহিনীর একটি দল টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালী পাড়া একটি বিশেষ অভিযান শুরু করে। অভিযান টের পেয়ে যৌথ বাহিনী সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে ডাকাত দলের সদস্যরা। একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে রফিক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, যৌথ বাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে ডাকাতদল। পাল্টা গুলিতে রফিক গুলিবিদ্ধ হয়। রফিকের বিরুদ্ধে থানায় অপহরণ ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।