যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় দফা পারমাণবিক আলোচনার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার (২২ এপ্রিল) চীন সফর করবেন।
সোমবার এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই এ তথ্য জানান। এর আগে গত ডিসেম্বরে আরাঘচি চীন সফর করেন।
২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে সই করা অন্যতম দেশ চীন। জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) নামে পরিচিত চুক্তিটি তেহরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণ করেছিল। জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরও চার স্থায়ী সদস্য ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রও চুক্তিটি সই করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম মেয়াদে চুক্তি থেকে সরে যান। ফলে এক বছর পর ইরান চুক্তির শর্ত থেকে সরে যেতে শুরু করে।
ক্ষমতায় ফিরে আসার পর থেকে ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক আলোচনার আহ্বান জানিয়েছেন এবং একই সঙ্গে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন।
পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে।
তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইরান জানিয়েছে, ওমানের মধ্যস্থতায় এবং আরাঘচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফের অংশগ্রহণে মার্কিন-ইরান আলোচনার তৃতীয় দফা শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।