বন্ধুর জানাজায় শিক্ষকের মৃত্যু, খবর শুনে মারা গেলেন চাচাও

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বন্ধুর জানাজায় গিয়ে মৃত্যু হয়েছে এক শিক্ষকের। এই খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে একদিনে মারা গেলেন ওই শিক্ষকের চাচাও।

বুধবার (২৪ এপ্রিল) থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার ফরিদপুর ইউনিয়নে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অসুস্থ হয়ে মারা যান হাফেজ মো. মোসলেম উদ্দিন (৬০)। তারা জানাজায় গিয়ে মারা যান তার বন্ধু শিক্ষক মাওলানা মো. মকবুল হোসেন (৫৫)।  এরপর এই খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তার চাচা সমেশ উদ্দিন ফকির (৬৫)। একদিন পর তিনিও মারা যান।

এ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মিলন রহমান বলেন, অসুস্থ মোসলেম বুধবার বিকেলে মারা যান। বৃহস্পতিবার সকাল ৯টায় আলদাদপুর ঈদগাঁ মাঠে তার জানাজা অংশ নিতে আসেন তার বন্ধু মোলংবাজার উচ্চ বিদ্যালয়ের মৌলভী শিক্ষক ও জামে মসজিদের পেশ ইমাম মকবুল। জানাজার পর তিনি বুকে ব্যাথা অনুভব করার এক পর্যায়ে অসুস্থ হয়ে যান। পরে পাশে এক বাড়িতে নিয়ে মাথায় পানি দেওয়া শুরু করলে তিনি সেখানেই মারা যান।

এলাকাবাসীর বরাতে মিলন রহমান বলেন, মকবুলের আকস্মিক মৃত্যুর খবর শুনে এদিন দুপুরে নিজ বাড়িতে মারা যান তার চাচা সমেশ উদ্দিন ফকির।

মাগরিব নামাজের পর মোলংবাজার হামিউস সুন্নাহ কওমী মাদ্রাসা মাঠে চাচা-ভাতিজার জানাজা এক সঙ্গে অনুষ্ঠিত হয়।