বাংলাদেশ থেকে মুক্ত হয়ে নিজ দেশে ফিরে গেছেন ৩ শ্রীলঙ্কান

ব্যবসার সম্ভাবনা দেখতে বাংলাদেশে এসে জিম্মি হয়ে পড়া তিন শ্রীলঙ্কান নাগরিককে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। তারা আজ নিজ দেশে ফিরে গেছেন বলে একজন পুলিশ কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বাগেরহাটের একটি এলাকা থেকে বুধবার দিবাগত রাতে তাদের উদ্ধার করা হয়।

ওই তিন শ্রীলঙ্কান হলেন মালাভি পাথিরানা, তার স্ত্রী পাথিরানা, থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, তারা অ্যাকুরিয়াম ফিসের ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। ফরিদপুরে অ্যাকুরিয়াম ফিস উৎপাদনের প্রতিষ্ঠান দেখানোর কথা বলে তাদের আমন্ত্রণ জানান শহিদুল শেখ। গত ২২শে এপ্রিল ঢাকায় পৌঁছান তারা। রাতে তাদের বাগেরহাটে নিয়ে যাওয়া হয়।

ডিআইজি রেজাউল হক জানান, বাগেরহাটে এনে তাদের কাছে পাঁচ কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়। তারা এতো টাকা দিতে পারবে না বলে জানায়, তখন অপহরণকারীরা শ্রীলঙ্কায় তাদের (জিম্মিদের) পরিবারের কাছে ফোন করে থেকে মুক্তিপণ দাবি করেন। বাংলাদেশের একটি নম্বর থেকে এ মুক্তিপণ দাবি করা হয়।

ডিআইজি বলেন, আড়াই কোটি টাকার মুক্তিপণ প্রদানে রাজি হওয়ায় তাদের মধ্যে মৌখিক চুক্তি হয়। পরে পরিবার থেকে হাইকমিশনের মারফতে বাংলাদেশের কর্তৃপক্ষকে জানানো হলে পুলিশ অভিযান চালায়। এর মধ্যে শ্রীলঙ্কা থেকে ব্যাংকের মাধ্যমে টাকা আনার চেষ্টা করা হয়। তারা চারটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছিল জিম্মিদের পরিবারকে

এ ঘটনায় চার জনকে আটক করে পুলিশ। তারা হলেন, কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এবং এস এম সামসুল আলম।

তিনি আরও জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। আটককৃতদের মধ্যে তিনজন জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় একটি জবানবন্দি দিয়েছেন।