রাঙ্গামাটিতে সিএনজি-পিকআপ সংঘর্ষে নিহত ৫

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় সিএনজি ও পিকআপের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। 

শনিবার (২৬ এপ্রিল) সকাল দশটার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের মনারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন—চট্টগ্রামের রাউজানের চৌধুরী পাড়ার তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেক নুর নাহার ও চট্টগ্রাম হাটহাজারীর ছাত্তারঘাটের মাহমুদুর রহমান। বাকি দুই জনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজিটি। ছবি: ইত্তেফাক

স্থানীয়রা জানান, সিএনজিতে করে যাত্রীরা চট্টগ্রাম যাওয়ার পথে রাবার বাগান এলাকায় পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর দুজন মারা গেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরে বিস্তারিত জানা যাবে।