ত্রিশালে ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

ত্রিশালের আহাম্মদবাড়ি স্টেশনে ৪৯ নম্বর বলাকা কমিউটার ট্রেন সার্ভিস থামানোর দাবিতে শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে আটটা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এলাকাবাসী ছাড়াও অংশগ্রহণ করেন ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আহাম্মদাবাদ বাজার কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ইউনিয়ন কমিটির সভাপতি খলিলুল হক পলিন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাইমুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু প্রমুখ।

আহাম্মদাবাদ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানান, বলাকা ট্রেন এই স্টেশনে যাত্রা-বিরতি না করায় ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ইউপি চেয়ারম্যান আশরাফ আলী উজ্জল জানান, এই স্টেশনে ট্রেনটি যাত্রা-বিরতি না করায় এখান থেকে যেসব শিক্ষার্থী ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করেন তাদের যাতায়াতে সময় ও আর্থিক খরচ দ্বিগুণ হচ্ছে। তাছাড়া আশপাশের স্টেশন ৮/১০ কিলোমিটার দূরে। তাই এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।