পশ্চিমের জেলাগুলোতে ফের ভ্যাপসা গরম

ভ্রাম্যমাণ প্রতিনিধি

পশ্চিমের জেলাগুলোতে ফের ভ্যাপসা গরমে অস্বস্তিকর অবস্থা চলছে। তাপমাত্রা বেড়েছে। আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল। পঞ্জিকা অনুযায়ী এখন ভরা বর্ষা চলছে। কিন্তু যশোর, ঝিনাইদহ, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলায় বর্ষার প্রত্যাশিত বর্ষণ নেই। তাপমাত্রা ৩৫ /৩৬ ডিগ্রি সেলসিয়াস। অস্বস্তিকর গরম। সঙ্গে বাতাসে আদ্রতার পরিমাণ ৮০ শতাংশ। এতে শরীরে ঘাম ঝরছে বেশি। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের খবর এ অবস্থা আরো ২ - ৩ দিন চলবে।

মাঝে মধ্যে কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টি হচ্ছে। এতে ভ্যাপসা গরমের মাত্রা আরো বেড়ে যাচ্ছে। বর্ষাকালের চেনা রূপ আকাশে ঘনকালো মেঘের দেখা নেই। তার বদলে শরতের আকাশে যেমন পেজা তুলোর মত মেঘ দেখা যায়, তাই দেখা যাচ্ছে।

ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানান, মৌসুমী বায়ু সক্রিয় হলে বৃষ্টি বৃদ্ধি পায়। পশ্চিমের জেলাগুলোতে মৌসুমী বায়ু দুর্বল। এতে বৃষ্টি টান দিয়েছে। আকাশ পরিষ্কার থাকায় সূর্যের তাপে মাটি গরম হয়ে তাপ বিকিরণ করছে। এতে ভ্যাপস গরম পড়ছে। বৃষ্টির পরিমাণ বাড়লে এ অবস্থা কেটে যাবে। শুক্রবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং চুয়াডাঙ্গায় ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে বেশি।

এদিকে বৃষ্টির অভাবে এ অঞ্চলে আমন চাষ ব্যাহত হচ্ছে। মাঠে পানি না জমায় চাষিরা মাটি কাদা করে চারা রোপণ করতে পারছে না। এখনই চারা রোপনের উপযুক্ত সময়। চাষ নাবি হবে বলে চাষিরা জানায়। পানির অভাবে চাষি পাট জাগ দিতে পারছে না। দূরবতী নদীতে নিয়ে পাট জাগ দিতে দেখা যাচ্ছে। এতে খরচ বেশি পড়ছে।