নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌরসভার নাগরিকদের পানীয় জলের সমস্যা সমাধানে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ লাখ ৮০ হাজার লিটার পানি ধারণ ক্ষমতাসম্পন্ন দুটি ‘উচ্চ জলাধার’ ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি তত্কালীন পৌর চেয়ারম্যান প্রশান্ত রায় ঘটা করে চালু করা হলেও উদ্বোধনের পরদিন থেকেই আবার জলাধার দুটির ব্যবহার বন্ধ হয়ে যায়। ফলে কোনো কারণে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হয়ে গেলে পৌরবাসী এই জলাধার থেকে সাপ্লাইয়ের পানি পান না। তবে বর্তমানে ডিপ টিউবওয়েলের মাধ্যমে পানি পৌরবাসী পাচ্ছেন।
এ ব্যাপারে বর্তমান পৌর মেয়র নজরুল ইসলাম খান বলেন, কিছু ত্রুটি থাকায় জলাধার দুটি ব্যবহূত হচ্ছে না। তবে পৌর এলাকায় পানি সরবরাহ ব্যবস্থার কমতি নেই। পানি সরবরাহে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছরই পানি সরবরাহ লাইন নির্মাণ এবং সম্প্রসারণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া আরো কয়েকটি গভীর নলকূপ বসানো হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।