রিয়ালেই থাকছেন বেল?

স্পোর্টস ডেস্ক

গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে থাকছেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে টটেনহ্যাম তাকে নিতে রাজি থাকলেও খেলোয়াড়টিকে বর্তমান পারিশ্রমিকের অর্ধেকের বেশি দিতে পারবে না। তাই ওয়েলশ ফরোয়ার্ডটিকে নিয়ে চলছে ধোঁয়াশা।

সম্প্রতি ৩০ বছরে পা দেয়া এই ওয়েলশ ফরোয়ার্ডের ব্যাপারে স্পানিশ মার্কা বলছে, ‘দল ছাড়তে পারেন বেল। তাকে দলে ফেরানোর জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরোর মতো খরচ করতে রাজি টটেনহ্যাম।’

তবে দলের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই তারকার জন্য রিয়াল মাদ্রিদ আরো বেশি দাম আশা করছে। এদিকে গ্যারেথ বেল রিয়ালে থেকে যে পরিমাণ অর্থ আয় করেন টটেনহ্যাম দেবে তার অর্ধেকের কাছাকাছি। স্পার্স কর্তৃপক্ষও ৩০ বছর বয়সী একজন ফরোয়ার্ডের জন্য এর চেয়ে বেশি খরচ করতে চাচ্ছে না। সবকিছু মিলিয়ে বেলের টটেনহ্যাম প্রত্যাবর্তন খুব সহসাই হচ্ছে না বলেই ধারণা করা হচ্ছে।

তার উপর বেলের এজেন্ট জোনাথন বার্নেট চলতি মাসের শুরুতেই জানিয়ে দিয়েছিলেন যে, খেলোয়াড়টি শিগগিরই দল ছাড়ছেন না। তিনি বলেছিলেন, ‘বেলের রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছা নেই। ২০২২ সাল পর্যন্ত তার চুক্তি আছে।’

এর আগে খেলোয়াড়টির ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখে যাওয়ার গুজব উড়িয়ে দিয়েছিলেন বার্নেট। এরপর চীনের কোনো দলে যোগ দেয়ার গুঞ্জন উঠলে তিনি জানান, সেখানে খেলার কোনো ইচ্ছাই নেই খেলোয়াড়টির। বার্নেট জানালেন, সেই মানসিকতা এখনো পরিবর্তন হয়নি খেলোয়াড়টির। তিনি বলেন, ‘উটকো বিষয়ে আমি কথা বলি না। এখনো কিছুই পরিবর্তিত হয়নি।’

গেল মৌসুমে ওয়েলস ফরোয়ার্ডের প্রতি আগ্রহ দেখিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডও। কিন্তু কোচ বদলের সঙ্গে সঙ্গে বেলের প্রতি আগ্রহটাও হারিয়েছে ক্লাবটি। এদিকে রিয়াল মাদ্রিদে ক্রিশ্চিয়ানো রোনালদোর ফেলে যাওয়া শূন্যস্থান পূরণে ব্যর্থ হন বেল। শেষে কোচ জিনেদিন জিদানের সঙ্গে শীতল সম্পর্ক তার রিয়াল মাদ্রিদ ছাড়ার দিকেই ইঙ্গিত দিচ্ছিল।