ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ধানের শীষের দাবিদার চার প্রার্থী

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির আটজনসহ ঐক্যফ্রন্টের মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে বাছাইয়ে দু’জন ও গণফোরামের একজনসহ তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। আর বাকি ৯ জনের মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি’র চার প্রার্থী। এই চার প্রার্থীই ধানের শীষের দাবিদার। তবে তাদের মধ্যে কে পাচ্ছেন ধানের শীষের টিকেট এ নিয়ে ভোটারদের মাঝে চলছে জল্পনা কল্পনা।

ঐক্যফ্রন্ট থেকে যে ১১জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এসএন তরুণ দে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সাবেক ছাত্রদল নেতা আহসান উদ্দিন শিপন, জেলা বিএনপি’র সহ-সভাপতি আকতার হোসেন, নাগরিক ঐক্যের মো. মোবারক হোসেন, গণফোরামের শাহ মফিজ ও জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিব। এদের মধ্যে বাছাই পর্বে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, জেলা বিএনপি’র সহ-সভাপতি আকতার হোসেন ও গণফোরামের শাহ মফিজের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

বর্তমানে বৈধ ৯ প্রার্থীর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী উকিল আব্দুস সাত্তার ভুঁইয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি এসএন তরুণ দে ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।