২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা রাখার আবেদন

বই পড়ার মাহাত্ম্য সবাই জানে। এর গুরুত্ব  নিয়ে আছে বিস্তর আলোচনা। আর বইয়ের বিশাল জগত্ হচ্ছে  লাইব্রেরি। যে জগতে জ্ঞানপিপাসু মানুষেরা যায় জ্ঞান লাভের জন্যে। অথচ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা থাকে না। সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে, ২০০৭ সালে সরকার শুধু বিদ্যুত্ বাঁচানোর জন্যে লাইব্রেরি ২৪ ঘণ্টা খোলা না রাখার সিদ্ধান্ত নেয়। অথচ আজকাল বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়েবাড়িতে যে পরিমাণ আলোকসজ্জা করা হয়  এবং তাতে একদিনে যে পরিমাণ বিদ্যুত্ খরচ হয় তা দিয়ে ১ মাস ২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা রাখা সম্ভব। অনেক চাকরিজীবী আছেন যাঁরা দিনের বেলায় লাইব্রেরিতে যাওয়ার সময় পান না, তাছাড়া অনেক ছাত্র আছে যারা ক্লাস, টিউশনি পার্ট টাইম কাজের কারণে দিনে লাইব্রেরিতে যেতে পারে না। আবার কিছু জ্ঞানপিপাসু আছেন, যাঁরা রাতে বই পড়তে ভালোবাসেন। আবার অনেক হল বা মেসে পড়ার পরিবেশ থাকে না। এ অবস্থায় দু-একটি পাবলিক লাইব্রেরি তো ২৪ ঘণ্টা  খোলা রাখাই যায়। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখবে|

মো. রোকনুজ্জামান সৈকত

ঢাকা বিশ্ববিদ্যালয়