দাগনভূঞা আতাতুর্ক সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক মোবারক হোসেনের বেত্রাঘাতে গুরুতর আহত হয়েছে সপ্তম শ্রেণির ছাত্র ইশতিয়াক আহম্মেদ অয়ন। জানা যায়, তুচ্ছ একটি কারণে প্রধান শিক্ষক ঐ ছাত্রকে বেত্রাঘাত করেন।
বারবার বমি করতে দেখে গতকাল শনিবার অয়নের বাবা তাকে দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঞা আহত ছাত্রকে দেখতে হাসপাতালে যান ও অভিযুক্ত প্রধান শিক্ষকের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
দাগনভূঞা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে বেত্রাঘাত নিষিদ্ধ হওয়ার পরও ছাত্রকে মেরে জখম করার অভিযোগে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. খালেদ হোসেন ইত্তেফাককে জানান, আহত ছাত্রের বমির চিকিত্সা দেওয়ার পরে সে সুস্থ আছে। অভিযুক্ত প্রধান শিক্ষক মোবারক হোসেন জানান, ঐ ছাত্রের জুতা, পোশাক পরিধানে অগণিত অনিয়মের জন্য শাস্তি প্রদান করা হয়েছে।