ব্যান্ডেজ খুলতে গিয়ে রোগীর পা কাটলেন ওয়ার্ডবয়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ওয়ার্ডবয় ব্যান্ডেজ খুলতে গিয়ে কেটে দিলেন রোগীর পা। এ ব্যাপারে ওয়ার্ডবয় নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে রোগীর পরিবার লিখিত অভিযোগ দিয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাসপাতালের ইউ এইচ এ ডা. পাপিয়া সুলতানা। 

অভিযোগে জানা গেছে, গত বুধবার নাচোল সদর ইউনিয়নের আন্ধরাইল গ্রামের দিনমজুর নুরনবীর ছেলে নাদিম (২৪) সড়ক দুর্ঘটনায় আহত হয়ে নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যান। সেখানে কর্তব্যরত ওয়ার্ড বয় নজরুল ইসলাম নজু তার   ক্ষতস্থান সেলাই করে ব্যান্ডেজ করে দেন। নজু রোগীকে বলেন, প্রতিদিন ব্যান্ডেজ খুলে ওয়াশ করতে হবে। এতে খরচ পড়বে প্রায় সাড়ে তিনশত টাকা। ওই দিন রোগীর সাথে থাকা শাহাবুদ্দিনের কাছ থেকে ৩০০ টাকা ঘুষ চান ওয়ার্ডবয় নজু। পরে ১৫০ টাকা দিয়ে পার পান শাহাবুদ্দিন। গত শুক্রবার রোগী নাদিম ব্যান্ডেজ খুলে ওয়াশ করার জন্য হাসপাতালে গেলে আবার দেখা হয় নজুর সাথে। ওয়ার্ডবয় নজু রোগীর ব্যান্ডেজের কিছু অংশ খুলে কেচি দিয়ে কাটতে থাকে তার পা। এ সময় রোগী নাদিম বার বার চিত্কার করে বলে তার পা কাটা হচ্ছে। কিন্তু তার কথায় গুরুত্ব না দিয়ে কাচি চালাতে থাকে নজু। পরে রোগীর সঙ্গে থাকা ভ্যানচালকের বাধার মুখে বন্ধ হয় কেচি চালানো। এ সময় রোগীর পা থেকে রক্ত ঝরতে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন ভ্যানচালক। ওয়ার্ডবয় নজু রোগীর পায়ের কাটা অংশ অবশ না করে কাটা স্থানে তড়িঘড়ি ১১টি সেলাই দিয়ে পুনরায় ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেন। অভিযোগে জানা গেছে, ওয়ার্ডবয় নজু গ্রাম থেকে আসা রোগীদের নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে থাকেন।

গতকাল শনিবার রোগীর পিতা নাচোল উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ও জেলা সিভিল সার্জন বরাবর এর প্রতিকার চেয়ে অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন হাসপাতালের ইউ এইচ এ ডা. পাপিয়া সুলতানা।