বিমান বাহিনী প্রধান দেশে ফিরেছেন

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত যুক্তরাজ্য সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরেছেন। সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘দি চিফ অব দ্য এয়ার স্টাফস এয়ার এন্ড স্পেস পাওয়ার কনফারেন্স’-এ অংশগ্রহণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এ বছর কনফারেন্স এর বিষয়বস্তু ছিল-‘মাল্টি-ডোমেইন অপারেশন্স ফর দি নেক্সট জেনারেশন এয়ার ফোর্স’। সম্মেলনটিতে আকাশ, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রগুলোতে উদ্ভাবনী প্রযুক্তি এবং পরিকল্পিত অপারেশনের জন্য সম্ভাব্য জটিল চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই কনফারেন্সে যুক্তরাজ্যের সিনিয়র মিনিস্টার, পৃথিবীর বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এই কনফারেন্স ভবিষ্যত্ প্রজন্মের বিমান বাহিনীর স্থায়ী কার্যকারিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপ-এর প্রেসিডেন্ট স্যার মাইকেল মার্শাল এবং সিইও অ্যালিস্টার ম্যাকফি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন এবং সম্প্রতি যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য ক্রয়কৃত সি-১৩ওজে পরিবহন বিমান পরিদর্শন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের মার্শাল এরোস্পেস এন্ড ডিফেন্স গ্রুপের কাস্টমার সার্ভিস সেন্টার উদ্বোধন করেন।