দুর্নীতি প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে সবার সমন্বিত উদ্যোগ জরুরি। আর এ জন্য দুর্নীতি-বিরোধী তীব্র সামাজিক আন্দোলন প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। গতকাল শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত ‘দুর্নীতি দমনে আইনজীবী ও বিচার বিভাগের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, দেশের সাধারণ মানুষ যারা গ্রামে বাস করে তারাই দুর্নীতি, হয়রানি কিংবা অনিয়মের সবচেয়ে বড়ো শিকার। এসব দুর্নীতিতে অধিকাংশ ক্ষেত্রে চুনাপুঁটিরাই সম্পৃক্ত থাকেন। ফলে দেশের প্রায় এই ৮০ শতাংশ মানুষ যারা দুর্নীতির কারণে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হন—তাদের কল্যাণেই চুনাপুঁটিদের আইন আমলে আনতে হচ্ছে এবং তা অব্যাহত রাখা হবে। তবে এ কথা দৃঢ়ভাবে বলতে পারি—শুধু চুনাপুঁটি নয়, রাঘববোয়ালদের আমলে আনা হচ্ছে এবং আরো আনা হবে।
এতে সভাপতির বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। এছাড়া বক্তব্য রাখেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ব্যারিস্টার এম আমির-উল ইসলাম প্রমুখ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যারিস্টার এম এস আজিম।