শুক্রবার রাতভর দিল্লির গুরুগ্রামে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের যৌথ অভিযানে আটক হয়েছে ২৪৮ জন। অভিযানের নাম 'অপারেশন রোমিও'। ফাঁদ পেতে শহরের ইভটিজার ধরতে, বিশেষ এই অভিযানে নেমেছে গুরুগাঁও পুলিশ।
শুধুই রোমিওগিরি নয়, কয়েক জনের বিরুদ্ধে গুন্ডাগিরিরও অভিযোগ রয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন এমজি রোডের মল মাইল থেকে এই রোমিওদের আটক করা হয়।
বিগত ছ-মাসে এ ধরনের মোট পাঁচটি যৌথ অপারেশন চালিয়েছে গুরুগ্রাম পুলিশ। সবমিলিয়ে আটক রোমিওর সংখ্যা ৮০০। এর মধ্যে অপারেশন রোমিওর আওতায় ৩ মার্চ আটক হয়েছে ১২৫ জন, ২৪ মার্চ ৫২ জন।
আরও পড়ুনঃ ইঞ্জিনে ডিম-সহ পাখির বাসা, দেড় মাস গাড়ি চালালেন না চালক
জানা গিয়েছে, নারী-পুরুষ মিলিয়ে একশো জনের একটি পুলিশ টিম এই অভিযানে নেমেছিল। টার্গেট করা হয়েছিল নাইট ক্লাব লাগোয়া অঞ্চলকে। মেয়েদের টিজিং, রাস্তার মধ্যে গুন্ডামি, অসভ্যতা করলে আটক করে বিশেষ এই বাহিনী।
ইত্তেফাক/টিএস