দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে চালনা পৌরসভা বিএনপির আহবায়ক মোজাফফর হোসেনকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দলকে সুসংগঠিত করতে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুগ্ম-আহবায়কগণ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, সভায় দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন ও বিএনপি নেতা আইয়ুব আলীকে সাময়িক বহিষ্কার এবং মোজাফফর হোসেনকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ এবং জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অসিত কুমার সাহাকে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলার সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার সাংগঠনিক টিমে সম্পৃক্ত করা হয়েছে।
এছাড়া সভায় গত সোমবার দাকোপে ডাকাতিয়া খালের ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের কতিপয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, কোনো ব্যক্তি বিশেষের অপকর্মের দায়ভার দল নেমে না। জেলা বিএনপির যুগ্ম-আহবায়কদের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।