দ্বিতীয় ওয়ানডেও হারলেন মিঠুনরা

প্রথম ওয়ানডের মতো অসহায় আত্মসমর্পণ ঠিক ব্যাটসম্যানরা করেননি। বেশ কিছু প্রতিরোধ গড়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের খেলোয়াড়রা। তারপরও ফলাফল বদলায়নি। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৪ উইকেটে হেরেছে এবার স্বাগতিক দল। বোলারদের ব্যর্থতায় বাগে পেয়েও আটকে রাখা যায়নি সফরকারী আফগানদের।

আগে ব্যাট করা বাংলাদেশ ‘এ’ দল ৯ উইকেটে ২৭৮ রান তুলেছিলো। জবাবে শেষদিকের ঝড়ে ৫ বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান ‘এ’ দল।

বাংলাদেশের টপ ও মিডল অর্ডার গতকাল ভালোই করেছে। ওপেনার ইমরুল কায়েস ৪০ রানের ইনিংস খেলেছেন। আরেক ওপেনার এনামুল হক বিজয় ২৬ রান করেন। তিন নম্বরে নেমে অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৯৪ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় সাজান ৮৫ রানের ইনিংস। এরপর তরুণ মোহাম্মদ নাঈম ৪৯ ও সাব্বির রহমান রুম্মন ৩৫ রান করেন।

২৭৯ রানের লক্ষ্যে আফগানদের শুরুটা ভালো হলেও পরেরদিকে তারা চাপে পড়ে যায়। আগেরদিন অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলা ইনফর্ম ইব্রাহিম জাদরান ১২৭ রানের ইনিংস খেলেন। তারপরও শেষ ১০ ওভারের আগ পর্যন্ত খেলা বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিলো।

৪৩ ওভারে আফগানিস্তান ‘এ’ দলের স্কোর ছিলো ৫ উইকেটে ১৯৭ রান। মানে শেষ ৫৭ বলে ৮৫ রান দরকার ছিলো। এরপর শেষ ২৩ বলে দরকার ছিলো ৩৮ রান। সব সমীকরণই সফরকারীদের পক্ষে নিয়ে গেছেন ফজল নিয়াজাই ও সারাফউদ্দিন আশরাফ।

আশরাফ ১৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মারেন। এর পাশে ৮ বলে ১৫ রান করেন ফজল। ফলে বাংলাদেশ এই ম্যাচ থেকেও ছিটকে যায়।