চমকহীন ভারতীয় দল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মহেন্দ্র সিং ধোনি থাকবেন না, সেটা আগেরদিনই বোঝা গিয়েছিল। ফলে, সেসব নিয়ে জল্পনা-কল্পনা আগেই শেষ হয়ে গিয়েছিল। গতকাল এই লম্বা সফরকে সামনে রেখে দল ঘোষণা করে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) নির্বাচক কমিটি। সেই দলে বড় কোনো চমক নেই বললেই চলে।

সিরিজ শুরু হবে আগামী ৩ আগস্ট।  সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩ ও ৪ আগস্ট। ৬ আগস্ট তৃতীয় টি-টোয়েন্টিটি হবে গায়ানায়। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ আগস্ট। সেটা শেষ করে ২২ আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

বিশ্বকাপ চলাকালেই কুচকির ইনজুরিতে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। ফলে, তাকে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরে আসা বিজয় শঙ্করও এখন অবধি পুরোপুরি ফিট নন।

সীমিত ওভারের জন্য ভারত একজন উইকেটরক্ষকই নিয়েছেন। তিনি হলেন বিশ্বকাপ খেলে আসা ঋষভ পান্ত। যদিও, লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালে তিনি ইনজুরিতে পড়েছিলেন। সেই ইনজুরি কাটিয়ে ফিরলেন এতদিনে।

দলের শীর্ষ ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে কিছুদিন বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিসিআই। তিনি তাই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে নেই। যদিও, টেস্ট দলে ফিরে আসবেন। টেস্ট ওপেনার মুরালি বিজয় আবারো বাদ পড়েছেন। ইনজুরি থেকে এখনো পুরোপুরি ফিরতে না পারা পৃথ্বী শ-কেও টেস্টের জন্য বিবেচনা করা হয়নি।

বিশ্বকাপ থেকে ইনজুরি নিয়ে ফেরা শিখর ধাওয়ান ফিরেছেন সীমিত ওভারের ক্রিকেটে। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আরো যোগ হয়েছেন শ্রেয়াস আইয়ার ও মানিশ পান্ডে। এই দুজনের মধ্যেই চার নম্বর পজিশন পাওয়া নিয়ে লড়াই হবে। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় ‘এ’ দলের সফরে এই দুজনের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়েছেন নির্বাচকরা। অনভিষিক্ত পেসার নবদ্বীপ সাইনির সাথে দলে আরো আছেন বাঁহাতি পেসার খলিল আহমেদ। বিশ্বকাপে বিজয় শঙ্করের বদলি হয়ে যাওয়া মায়াঙ্ক আগারওয়ালও দলে আছেন।

সর্বশেষ ভারতের যে দলটা টি-টোয়েন্টি খেলেছিল, সেবারের অনেকেই এবার বিবেচনায় আসেননি। দিনেশ কার্তিক, সিদ্ধার্থ কউল, যুজবেন্দ্র চাহাল, উমেশ যাদব ও বুমরাহ এবার নেই। দলে যোগ দিয়েছেন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহার, ভূবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার ও সাইনি।

ওয়েস্ট ইন্ডিজ সফর

ভারতের ওয়ানডে স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ ও নবদ্বীপ সাইনি।

ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মানিশ পান্ডে, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ক্রুনাল পান্ডিয়া, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, খলির আহমেদ, নবদ্বীপ সাইনি ও দীপক চাহার।

ভারতের টেস্ট স্কোয়াড

মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, হূদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রবীচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা

ও উমেশ যাদব।