আলজেরিয়া ফুটবল দলের বীরোচিত সংবর্ধনা

আফ্রিকান নেশন্স কাপ শিরোপা জিতে শনিবার দেশে ফিরেই বীরোচিত সংবর্ধনা পেল আলজেরিয়া জাতীয় ফুটবল দল। বিমান বন্দরে পূর্ব পরিকল্পনা মাফিক ‘ওয়াটার সেল্যুট’ প্রদান করা হয় ফুটবল বীরদের। একটি খোলা বাসে করে বিমান বন্দর থেকে শহরের দিকে যাবার পথে হাজার হাজার ভক্ত দেশের পতাকা নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে জাতীয় বীরদের অভ্যর্থনা জানায়। এ সময় তারা সমবেত কণ্ঠে ‘ওয়ান, টু, থ্রি, ভিভা আলজেরিয়া’—স্লোগানে মুখরিত করে তোলে গোটা এলাকা। অধিনায়ক রিয়াদ মাহরেজ এ সময় ট্রফিটি ওপরের দিকে তুলে ধরে ভক্তদের অভিবাদনের জবাব দেন। এর আগে বিমান বন্দরে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় ফুটবল বীরদের। সেখানে দলকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী নুয়ারেদ্দিন বেদুই।