ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাবের দাবি নিয়ে ট্রাম্প-আরাঘচির ‘বিপরীত কথা’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৬ মে) দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব পেয়েছে। সেই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি তারা দ্রুত এই চুক্তিতে পদক্ষেপ না নেয় তবে 'খারাপ কিছু' ঘটবে।

তবে একইদিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন বিপরীত কথা। তিনি বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি। সেই সঙ্গে তিনি জানান, এমন কোনো পরিস্থিতি নেই, যেখানে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে কষ্টার্জিত পরমাণু সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে।

তিন আরব দেশ সফর শেষে ওয়াশিংটনে ফিরে গিয়ে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে। তারা একটি প্রস্তাব পেয়েছে। তবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা জানে তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, নাহলে খারাপ কিছু ঘটতে চলেছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার এক্স-পোস্টে লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো লিখিত প্রস্তাব পায়নি। ইতিমধ্যে, আমরা এবং বিশ্ব - যে বার্তা পাচ্ছি তা বিভ্রান্তিকর এবং পরস্পরবিরোধী। তবুও ইরান দৃঢ় এবং সোজাসাপ্টা: আমাদের অধিকারকে সম্মান করুন এবং আপনার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করুন।

তিনি জোর দিয়ে বলেন, 'আমার কথাগুলো মনে রাখবেন: এমন কোনো পরিস্থিতি নেই যেখানে ইরান শান্তিপূর্ণ উদ্দেশ্যে তার কষ্টার্জিত সমৃদ্ধকরণের অধিকার ত্যাগ করবে। এই অধিকার অন্যান্য সমস্ত এনপিটি স্বাক্ষরকারী দেশগুলোকেও দেওয়া হয়েছে।'

আরাঘচি উল্লেখ করেছেন, যারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে মহান ইরানি জাতি তার শক্তি ও দৃঢ়তা প্রদর্শন করেছে। আমরা সর্বদা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপকে স্বাগত জানাই এবং সর্বদা যে কোনো নির্দেশ প্রত্যাখ্যান করি।