যুক্তরাজ্যে ৩ ইরানি নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

যুক্তরাজ্যের লন্ডনের মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তিনজন ইরানি নাগরিকের বিরুদ্ধে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তরা হলেন—মোস্তফা সেপাহভান্দ (৩৯), ফরহাদ জাভেদি মানেশ (৪৪) এবং শাপুর কালেহালি খানী নুরি (৫৫)। এ তিনজনই লন্ডনের বাসিন্দা।

পুলিশ বলছে, তারা ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ইরানের হয়ে যুক্তরাজ্যে গুপ্তচরবৃত্তি চালিয়েছেন। মেট্রোপলিটন পুলিশের সন্ত্রাস-বিরোধী ইউনিটের কমান্ডার ডমিনিক মারফি বলেন, এই তিনজনের বিরুদ্ধে খুবই গুরুতর অভিযোগ আনা হয়েছে। বিষয়টি জটিল হলেও দ্রুত তদন্ত করে মামলা করা হয়েছে।
তাদেরকে জাতীয় নিরাপত্তা আইন ২০২৩-এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে। এই আইনের মাধ্যমে বিদেশি কোনো দেশের হয়ে হুমকিমূলক কাজের অভিযোগে কাউকে আটক করা যায়।

তদন্তে জানা গেছে, মোস্তফা সেপাহভান্দ যুক্তরাজ্যে একজন ব্যক্তির ওপর গুরুতর সহিংসতা চালানোর উদ্দেশ্যে নজরদারি ও তথ্য সংগ্রহে যুক্ত ছিলেন। অন্যদিকে মানেশ ও নুরীর বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে, যাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য ছিল অন্যদের দিয়ে ওই ব্যক্তির ওপর সহিংসতা চালানো।

তাদের সবাইকে পুলিশ দুই সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ করছে এবং আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

তথ্যসূত্র: মিডেল ইস্ট আই