বস্তি উচ্ছেদ করতে গিয়ে বিদ্যুত্হীন শাহজালাল বিমানবন্দর

রেলওয়ে বিমানবন্দর এলাকায় বস্তি উচ্ছেদের সময় কাওলার কাছে বিদ্যুতের তার কাটা পড়ে বেশ কয়েক ঘণ্টা  বিদ্যুত্হীন  ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, শনিবার বস্তি উচ্ছেদের সময় ডেসকোর লাইনের একটি মূল সংযোগ কাটা পড়ায় গতকাল রবিবার সকাল সাড়ে ৯টা থেকে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ টার্মিনাল বিদ্যুত্ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় জেনারেটর ও পাওয়ার ব্যাকআপ দিয়ে বিকল্প ব্যবস্থায় বিমানবন্দরের জরুরি সেবাগুলো চালানো হয়। তবে কম্পিউটার সচল না থাকায় এয়ারলাইন কোম্পানিগুলো হাতে লিখে বোডিং কার্ড ইস্যু করেছে। টানা দীর্ঘক্ষণ জেনারেটর চালানোর ফলে বিমানবন্দরে এয়ারকন্ডিশন এবং পানি সরবরাহে সমস্যা দেখা দেয়। গরমে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। যথেষ্ট পানি সরবরাহ না থাকায় টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। দুপুর ২টার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।