মদনে সংঘর্ষে আহত ১৫

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

দুই উপজেলার এক সংঘর্ষের ঘটনা মীমাংসার প্রস্তাব দেওয়ায় মদনের আলমশ্রী গ্রামে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, সম্প্রতি মদন উপজেলার আলমশ্রী গ্রামের সঙ্গে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলার ধলা গ্রামের লোকজনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঘটনাটি মীমাংসার জন্য সোমবার বিকালে আলমশ্রী গ্রামের মাতব্বর বেবুলসহ কয়েকজন উদ্যোগ নিলে একই গ্রামের কামরুল যেতে অসম্মতি জানান। এতে মাতব্বররা ক্ষিপ্ত হন। এ সময় বেবুল ও কামরুলের বড় ভাই কামালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বেবুলের উপর হামলা চালায়। এরই জের ধরে ওইদিন আলশ্রী বাজারের পূর্ব পাশে বোরো বীজতলায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।