বাংলাদেশ-আমিরাত দ্বিতীয় টি-টোয়েন্টি 

নিজেদের প্রমাণের অপেক্ষায় টাইগার ব্যাটাররা 

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে অনুমিতভাবেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তবে জয়টি যে খুব সহজে এসেছে, সেটি বলা যাবে না। ১৯২ রানের লক্ষ্য দিয়েও বোলাররা চাপমুক্ত বল করতে পারেননি, দুই হাতে রান বিলিয়েছেন শেখ মাহেদী হাসানরা। বাংলাদেশের বোলারদের বিপক্ষে সুযোগ পেলেই আগ্রাসী হয়েছেন আমিরাতের ব্যাটাররা। আর টাইগার ব্যাটারদের মধ্যে কেবল পারভেজ হোসেন ইমন বাদে আর কেউই বলার মতো ফর্ম দেখাতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে ইমন যে তাণ্ডব চালিয়েছেন, বিপরীতে অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে মেতেছিলেন বাকিরা। 

আজ দুই দলের দ্বিতীয় টি-টোয়েন্টি। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের সামনে বড় পরীক্ষা। ব্যাট হাতে তাদের প্রমাণ করার পরীক্ষা। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াবে আজকের ম্যাচ। প্রথম ম্যাচের মতো এই ম্যাচটিও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গেল ম্যাচের একাদশ থেকে আজকের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। 

পেসার মোস্তাফিজুর রহমান ইতিমধ্যে জাতীয় দল ছেড়েছেন আইপিএল খেলার জন্য। গতকাল দ্য ফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠেও নেমেছিলেন। বোলিংয়ে আরও কয়েকটি পরিবর্তন আসতে পারে। তবে মূল লক্ষ্য থাকবে বাংলাদেশের ব্যাটিং উন্নতির দিকে। 

গেল ম্যাচে ওপেনার তানজিদ হাসান তামিম হতাশ করেছেন। তার পথ ধরে হেঁটেছেন অধিনায়ক লিটন দাস, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। কেউই ধারাবাহিক ব্যাটিং করতে পারেননি। এর মধ্যে বেশি আলোচনা চলছে দলের সহ-অধিনায়ক মাহেদীকে নিয়ে। ব্যাট ও বল হাতে তিনি নিজের ছায়া হয়ে ছিলেন পুরো ম্যাচে। তাতে আজকের ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পেলে প্রত্যাশাও থাকবে বেশি। 

এ দিকে গেল ম্যাচে সেঞ্চুরি করে নায়ক বনে গেছেন ইমন। সেই ম্যাচ নিয়ে তিনি বলেছেন, 'উইকেট যখন পড়ছিল, তখন নিজের চিন্তাভাবনা শক্ত রাখার চেষ্টা করছিলাম, নিজের শক্তির জায়গা ধরে রাখার চেষ্টা করছিলাম। তবে এটাও মাথায় ছিল খেলাটা বড় করতে হবে। একপাশ থেকে যে উইকেটগুলো পড়ছে, সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। সুতরাং আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করে গেছি এবং শেষ পর্যন্ত করতেও পেরেছি।' 

পাকিস্তান সফরের কী হবে 

আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে লিটন দাসদের পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান রক্তক্ষয়ী সংঘর্ষের পরে সেই সফর অনিশ্চয়তার মধ্যে পড়ে। সংঘাত বন্ধ হওয়ার পরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাকিস্তান সফরের বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবু সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। 

আগামী ২৫ মে পাকিস্তানের বিপক্ষে ৫ টি-টোয়েন্টির প্রথমটি মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু পিএসএলের ফাইনাল থাকায় এ দিন থেকে দ্বিপক্ষীয় সিরিজ শুরু হওয়ার সম্ভাবনা কম। এখনো নতুন সূচি দেয়নি পিসিবি। এর মধ্যে দুইটি গুঞ্জন উঠেছে। প্রথমটিতে বলা হচ্ছে, আমিরাতের বিপক্ষে আরও একটি টি-টোয়েন্টি ম্যাচের প্রস্তাব দিয়েছে বিসিবি। 

অন্যটিতে বলা হচ্ছে, পাকিস্তান সিরিজের ম্যাচের সংখ্যা কমানোর প্রস্তাব করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা কয়েকজন ক্রিকেটার পাকিস্তান সফরে যাওয়া নিয়েও শঙ্কার মধ্যে রয়েছেন বলে আরেকটি গুঞ্জন উঠেছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত এসব বিষয়ে বিসিবি চূড়ান্ত কিছু জানায়নি।