কর্ণফুলীতে পিডিবির ভ্রাম্যমাণ আদালত

অবৈধ বিদ্যুত্ সংযোগ, ২ লাখ ৯ হাজার ১১১ টাকা বিদ্যুত্ বিল বকেয়া ও হিটার ব্যবহারের অভিযোগে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা ও ৯টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ৪ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রবিবার বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, চট্টগ্রামের বিদ্যুত্ আদালত (দক্ষিণ)-এর ম্যাজিস্ট্রেট আইরিন পারভীনের নেতৃত্বে বিতরণ দক্ষিণাঞ্চল, বিউবো, চট্টগ্রামের বিতরণ বিভাগ-পটিয়ার আওতাধীন কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইরিন পারভীন অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন এবং খেলাপি বিদ্যুত্ গ্রাহকের বকেয়া আদায়ের জন্য বিতরণ বিভাগ-পটিয়ার আওতাধীন কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের ক্ষুইদ্দেরটেক এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে চরপাথরঘাটা এলাকার আবদুল মজিদকে ৬০ হাজার টাকা, আফসার ৫০ হাজার টাকা, নাজির আহমদ ৪০ হাজার টাকা, জানে আলম ৩৫ হাজার টাকা, রহিম খান ৩০ হাজার টাকা, রেহেনা খানমকে ৪০ হাজার টাকা, আমিন খানকে ৫০ হাজার টাকা, চরলক্ষ্যা ইউনিয়নের ক্ষুইদ্দের টেক এলাকার মাইরা খাতুনকে ৩০ হাজার টাকা, মোহাম্মদ ফরিদকে ৫০ হাজার টাকা, আবদুন নবীকে ২০ হাজার টাকা, মোহাম্মদ কায়সারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।