পটিয়া-বোয়ালখালী সড়ক

সড়ক নির্মাণে নিম্নমানের খোয়া! কাজ বন্ধ

পটিয়ায় সড়ক ও জনপথ বিভাগের আওতায় পটিয়া-বোয়ালখালী সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন হুইপ সামশুল হক চৌধুরী। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিম্নমানের খোয়া পরিবর্তন করে ভালো মানের খোয়া দিয়ে কাজ করার নির্দেশ দেন। স্থানীয় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও-কে তদারকির মাধ্যমে কাজ করার নির্দেশ দেন। গত শনিবার বিকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই নির্দেশ দেন।

উল্লেখ্য, পটিয়া-বোয়ালখালী সড়কের ১২ কিলোমিটার কাজে প্রায় ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। হাসান টেকনো বিল্ডার্স, সালে আহমদ বাবু ও মাঈনুদ্দিন বাবু যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজের টেন্ডার গ্রহণ করে। গত দুই মাস পূর্বে হুইপ সামশুল হক চৌধুরী এই সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। সড়কের উভয় পার্শ্বে ৬ ফুট করে বর্ধিতকরণসহ প্রায় ১৮ ফুট প্রশস্ত করার কথা শিডিউলে উল্লেখ্য রয়েছে।

এ ব্যাপারে দোহাজারী সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জাহেদ জানান, ‘নিম্নমানের খোয়াগুলো এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। বর্তমানে এ কাজ বন্ধ রয়েছে। নতুন ও উন্নতমানের খোয়া দিয়ে কাজ করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে।’

পরিদর্শনকালে হুইপ সামশুল হক চৌধুরীর সঙ্গে উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ ভূর্ষি ইউপির সভাপতি মিহির চক্রবর্ত্তী প্রমুখ উপস্থিত ছিলেন।