বিভিন্ন স্থানে অবৈধ কারেন্ট জাল জব্দ

জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ জাল বিক্রির দায়ে কয়েকজনকে জরিমানাও করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

হোসেনপুর (কিশোরগঞ্জ) : হোসেনপুর উপজেলায় ১১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সুরাটি বাজার, গোবিন্দপুর বাজার ও পুমদী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমল কুমার ঘোষ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ জানান, জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

মনপুরা (ভোলা) : মনপুরা কোস্টগার্ড গোপন সংবাদের ভিত্তিতে কলাতলী ও ডালচর মধ্যবর্তী মেঘনায় রবিবার সকালে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ মিটার ৩ বস্তা কারেন্ট জাল জব্দ করে। পরে কোস্টগার্ড এসব কারেন্ট জাল হাজিরহাট ইউনিয়নের সোনারচর গ্রামে মেঘনা নদীর তীরে এনে উপজেলা মত্স্য কর্মকর্তার উপস্থিতিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মত্স্য অফিসার মো. তারিকুল ইসলাম, কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. আব্দুল আলীম (সিপিও) প্রমুখ।

রাজরহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে নাজিমখান বাজারে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, ইয়াছিন আলী ও মোস্তাফিজার রহমান। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুল হক প্রধান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ দুই ব্যক্তিকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করেন। প্রায় সাড়ে তিন হাজার মিটার কারেন্ট জালের মূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

গৌরীপুর (ময়মনসিংহ) : গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ৬টি দোকানে অভিযান চালিয়ে ২৪ কেজি ৯ গ্রাম অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। শনিবার উপজেলা সিনিয়র মত্স্য অফিসার জান্নাত-এ-হুরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

অভিযানে তাকে সহযোগিতা করেন গৌরীপুর থানার এসআই জামাল হোসেনসহ উপজেলা মত্স্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।