খুলনায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামির আত্মসমর্পণ

খুলনায় এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণের পর ও বৃদ্ধ বাবা ইলিয়াছ চৌধুরীসহ শ্বাসরোধে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল ইসলাম আত্মসমর্পণ করেছেন। রবিবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ তিনি আত্মসমর্পণ করেন। মামলাটির রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি অ্যাডভোকেট ফরিদ আহমেদ আসামির  আত্মসমর্পণের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নগরীর লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগাহ রোডের বাসিন্দা শেখ আব্দুল জলিলের ছেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শরিফুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করেছেন। গত ১৬ জুলাই হত্যার মামলায় পাঁচ জন আসামির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। আসামিদের মধ্যে শরিফুল ইসলাম পলাতক ছিলেন।

উল্লেখ্য, এক্সিম ব্যাংক কর্মকর্তা পারভীন সুলতানাকে গণধর্ষণের পর  তাকে ও তার বাবা ইলিয়াস চৌধুরীকে হত্যা করা হয়। পরে ঘাতকরা বাবা ও মেয়ের লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেয়। পরে তারা বাসায় লুটতরাজ চালিয়ে পালিয়ে যায়। ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর নগরীর লবণচরা থানার বুড়ো মৌলভীর দরগাহ এলাকার ৩ নম্বর গলির ঢাকাইয়া হাউজ এপি ভিলা নামের বাড়িতে এ নৃশংস জোড়া খুনের ঘটনা ঘটে। পারভীন সুলতানাকে গণধর্ষণের পর এবং তার বাবা ইলিয়াছ চৌধুরীসহ হত্যা এবং লুটপাটের ঘটনায় পৃথক দুটি মামলা হয়।