দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের পলটিপাড়া গ্রামের সেই বাক্প্রতিবন্ধীদের বাড়িতে নতুন নলকূপ স্থাপন করা হয়েছে। শনিবার ঢাকার বাসিন্দা কবি সেলিম বালার অর্থায়নে এই নলকূপ স্থাপন করা হয়।
গত ১৫ জুলাই দৈনিক ইত্তেফাকে ‘গৌরীপুরে এক বাড়িতেই ১১ বাক ও শ্রবণপ্রতিবন্ধী’ শিরোনামে খবর প্রকাশিত হয়। সংবাদটি কবি সেলিম বালার নজরে আসলে তিনি তার প্রতিনিধির মাধ্যমে পলটিপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধীদের বাড়িতে নলকূপ প্রেরণ করেন। শনিবার দুপুরে ঐ বাড়িতে নলকূপটি স্থাপন করা হয়।
কবি সেলিম বালা বলেন, দৈনিক ইত্তেফাকে প্রকাশিত খবরটি পড়ে জানতে পারি পলটিপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধীদের বাড়িতে কোনো নলকূপ নেই। দূরের বাড়ি থেকে তাদের পানি আনতে হয়। তাই আমি ঐ বাড়িতে নলকূপ স্থাপন করে দেই।
প্রতিবেশী ইসলাম উদ্দিন বলেন, নলকূপ স্থাপনে বাকপ্রতিবন্ধীরা খুশি। কিন্তু ওদের বাড়িতে ল্যাট্রিন নেই, জরাজীর্ণ ঘরবাড়ি ঝড়ে ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সরকারি সুযোগ-সুবিধার ব্যবস্থার পাশাপাশি ওদের ঘরগুলো মেরামত করা জরুরি হয়ে পড়েছে।