সন্ত্রাস ও নাশকতার মামলায় নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ৩০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রবিবার দুপুরে তাদের নীলফামারী আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম। আসামিদের তালিকায় রয়েছেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী প্রমুখ। ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজ উদ্দিন শেখ জানান, তারা খালিশা চাপানী ইউনিয়নে সংঘবদ্ধ হয়ে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির চেষ্টা করছিলেন। এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। তবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আসামিপক্ষের আইনজীবী আল মাসুদ চৌধুরী বলেন, নেতা-কর্মীদের হয়রানি করার জন্য এই মামলা করা হয়েছে।