বিদ্যুত্স্পৃষ্টে চার ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, তিন লাশ উদ্ধার

দেশের বিভিন্ন স্থানে বিদ্যুত্স্পৃষ্টে চারজন ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুসহ পৃথক ঘটনায় আরো তিনজনের লাশ উদ্ধার হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

পটিয়ায় গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের উত্তর-পশ্চিম হাইদগাঁও এলাকায় পানিতে পড়ে মো. আবির (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে হাইদগাঁও এলাকার মো. রহিমের ছেলে। রবিবার সকালে জমির পাশে একটি গর্তে হাঁটু পরিমাণ পানিতে পড়ে শিশুটি মারা গেছে।

নেত্রকোনায় বিদ্যুত্স্পৃষ্টে দাদি ও নাতির মৃত্যু

নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের বিলোনিয়া গ্রামে নাতিকে বাঁচাতে গিয়ে দাদি ও নাতি দুই জনেই বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। ঘটনা শনিবার রাতের। নিহতরা হচ্ছেন বিলোনিয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী শরিফা আক্তার (৫৫) এবং তার নাতি আরমান হোসেন (৮)। এই ব্যাপারে নেত্রকোনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

উলিপুরে বিদ্যুত্স্পৃষ্টে কিশোরের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে রবিবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পারভেজ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাতিয়া ইউনিয়নের কাশারিয়ার ঘাট গ্রামে। মৃত কিশোর ঐ গ্রামের বকুল মিয়ার ছেলে।

হাতিয়া ইউপি চেয়ারম্যান বি এম আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার

কিশোরগঞ্জের কটিয়াদী পৌর এলাকার বাগরাইট গ্রামের সৌদি প্রবাসী বুলবুলের স্ত্রী এক সন্তানের জননী মৌসুমী আক্তারের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার হয়েছে। শনিবার রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে তিনি ঝুলে ছিলেন। পুলিশ লাশ উদ্ধার করে।

কটিয়াদী থানার ওসি আবু শামা মো. ইকবাল হায়াত বলেন, থানায় একটি ইউডি মামলা হয়েছে।

চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের চরভদ্রাসনে শনিবার সন্ধ্যায় পানিতে ডুবে তাকিয়া আক্তার নামে এক শিশুর (২)  মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ছমির ব্যাপারীর ডাঙ্গী গ্রামের বাসিন্দা কামাল খানের মেয়ে। হরিরামপুরের ইউপি চেয়ারম্যান আমির হোসেন খান রাত ৮টার দিকে শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

পটিয়ায় এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার সানওয়্যার ফ্যাশন গামেন্টস এলাকায় অজ্ঞাত ব্যক্তির লাশ মিলেছে। রবিবার লাশটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেন।

কাগজীপাড়ার বাসিন্দা ও পটিয়া পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম জানিয়েছেন, কে বা কারা লাশটি ফেলে গেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানিয়েছেন, লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লাপাড়ায় করতোয়া নদী থেকে গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রুবেল (৪০) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি বগুড়ার ধুনট উপজেলার শিয়ালি আপন গ্রামের শাহজাহান আলীর ছেলে।

রবিবার সকাল ৯টায় উল্লাপাড়া পৌরসভাধীন হেলিপ্যাডের পাশে করতোয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, নিহতদের ভাই শাহ আলম জানিয়েছেন, রুবেলের সঙ্গে তার ভগ্নিপতির পারিবারিক ঝামেলা ছিল। রুবেল তার ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে দুই দিন আগে তার শাশুড়িকে চিকিত্সার জন্য বগুড়া শহীদ জিয়া হাসপাতালে নিয়ে যান। রবিবার সকালে করতোয়া নদীতে রুবেলের লাশ ভেসে ওঠে।

তিনি জানান, লাশের পেটও ফাড়া রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেন্দুয়ায় বিদ্যুত্স্পৃষ্টে মত্স্যচাষির মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নিজের ফিসারি পুকুরে বৈদ্যুতিক মটারের মাধ্যমে পানি উত্তোলনের সময় বিদ্যুতের তারে জড়িয়ে মোহাম্মদ জাকারিয়া নামে এক মত্স্যচাষির মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের পেরীরচর গ্রামে এ ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।