গফরগাঁওয়ে নিলুফা আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার দীঘা গ্রামে এ ঘটনা ঘটে। দুই সন্তানের জননী নিলুফা আক্তার দীঘা গ্রামের মৃত ইব্রাহীম কাজলের স্ত্রী। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। নিলুফা আক্তারের মেয়ে প্রীমা আক্তার জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের জঙ্গলের দিক থেকে মায়ের চিত্কার শুনে দৌড়ে বাথরুমের দিকে যাই। গিয়ে দেখি মায়ের সারা শরীর রক্তাক্ত। মা চিত্কার করতে করতে বলে- অজ্ঞাত এক নারী তাকে পেছন থেকে জড়িয়ে ছুরি দিয়ে গলা কাটতে চেয়েছিল। নিলুফা আক্তারের গলার কাছে দুটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।