প্রিয়া সাহার বিচারের দাবি জানালো সুনাম

প্রিয়া সাহাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে তার এনজিও শারি’র অর্থায়নে পরিচালিত সংখ্যালঘুদের মানবাধিকার বিষয়ক সংগঠন সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা-সুনাম পিরোজপুর জেলা ও উপজেলা শাখা। রবিবার সংগঠনের পিরোজপুর সদর উপজেলা কমিটির সদস্যরা পিরোজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর আগে গত শনিবার পিরোজপুর জেলা কমিটির সদস্যরাও পদত্যাগ করেন।
 
সংবাদ সম্মেলনে পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সভাপতি মো. হাসিবুল ইসলাম  লিখিত বক্তব্যে বলেন, প্রিয়া সাহা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছেন। 

তার বক্তব্য অসৎ উদ্দেশ্য প্রণোদিত এবং সাম্প্রদায়িক সম্পর্ক নষ্টের উস্কানিমূলক অপচেষ্টা মাত্র। এছাড়া আমার বিভিন্ন সূত্রে ও সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানতে পেরেছি, তিনি ওই বক্তব্য ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দিয়েছেন।

আরও পড়ুন: ৩০ বছর পর নবযৌবনে বড়াল, বইছে আনন্দস্রোত

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পিরোজপুর সদর উপজেলা সুনাম কমিটির সহ-সভাপতি তামিম সরদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, সদস্য ওয়ালিউর রহমান রাফি, ফেরদৌস রহমানসহ নেতৃবৃন্দ। 

ইত্তেফাক/অনি