জয়পুরহাটে বিএনপি নেতাকে ছুরিকাঘাত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল হামিদ দুলালকে সোমবার রাতে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। জেলা শহরের সাহেবপাড়া এলাকার তিন মাথা মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুলালকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, জেলা শহরের সাহেবপাড়া মোড়ে চা পান করছিল আব্দুল হামিদ দুলাল। এ সময় পেছন থেকে ৩টি মোটরসাইকেলে আসা ৬/৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা ও ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। হামলায় দুলাল মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। দুলাল সদরের বেলআমলা গ্রামের মাংনীপাড়া এলাকার মহাতাব উদ্দিনের ছেলে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। আব্দুল হামিদ দুলাল হাসপাতালে চিকিত্সাধীন আছে। এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। স্থানীয় বিএনপির মধ্যে গ্রুপিংয়ের কারণে এই হামলা হতে পারে বলে পুলিশের ধারণা।