দেশের একমাত্র মেরিটাইম বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন গতকাল রবিবার নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল, বিএসপি, এনডিসি, পিএসসি। অনুষ্ঠানটি একসাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থায়ী ক্যাম্পাসেও সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত মেরিটাইম সংশ্লিষ্ট উচ্চশিক্ষার প্রসার, সমুদ্র গবেষণা, সমুদ্র সম্পদ অনুসন্ধান ও আহরণে প্রয়োজনীয় তত্ত্ব আবিষ্কার, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও দক্ষ জনবল তৈরিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর মেরিটাইম ক্ষেত্রে ভবিষ্যত্ সম্ভাবনার কথা বিবেচনায় মানসম্মত উচ্চশিক্ষায় শিক্ষিত ও দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।