পাকিস্তানে লিটনদের অনুশীলন শুরু 

ভারত-পাকিস্তান রক্তক্ষয়ী সংঘাতের পর বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শঙ্কার মুখে পড়েছিল। দুই দেশের সংঘাত বন্ধ হওয়ার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন ওঠে। তাতে পাঁচ ম্যাচের সিরিজটি তিন ম্যাচে নামানো হয়েছে। সেই ম্যাচগুলো খেলতে ইতিমধ্যে লিটন দাসের নেতৃত্বে টাইগার বাহিনী লাহোরে রয়েছে। আজ থেকে শুরু হচ্ছে অনুশীলন। এর আগে তিন ধাপে দুবাই থেকে পাকিস্তানে পা রাখেন টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে রাত ৯টায়। ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। 

এই মাঠেই হবে সিরিজের তিনটি ম্যাচ। পাকিস্তান দলের খেলোয়াড়রাও আজ লাহোরে একত্র হচ্ছেন। গতকাল কয়েক জন পিএসএলের ফাইনাল খেলেছেন। তারা এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তারা দলের সঙ্গে যোগ দেবেন বলে পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে। 

এদিকে পিএসএলের ফাইনালে ছিলেন বাংলাদেশের রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজও। তারাও দলের সঙ্গে যোগ দিয়েছেন। আইপিএল খেলা আসা মোস্তাফিজুর রহমানও ভারত থেকে গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। 

বুধবার প্রথম ম্যাচ শেষে পরের দিন বিশ্রামের পরিকল্পনা রয়েছে। এরপর ৩০ মে (শুক্রবার) হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। এক দিন বিরতি দিয়ে ১ জুন অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। এই সিরিজ ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। উভয় দলই প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে। মাঠের লড়াই শুরুর অপেক্ষায় এখন শুধু সময়ের অপেক্ষা। 

তবে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা কিছুটা বেশি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর লিটনরা কঠিন চাপে রয়েছেন। পাশাপাশি পাকিস্তানের নিরাপত্তা নিয়েও তারা চিন্তিত। এজন্য বাংলাদেশ থেকে নিরাপত্তা দলও পাঠানো হয়েছে। সবকিছু ভেদ করে মাঠের লড়াইয়ে কতটুকু সফল হবে বাংলাদেশ, সেদিকেই চোখ রয়েছে ভক্তদের।