দীপিকাকে কটাক্ষ করে সন্দীপ রেড্ডির টুইট

সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট সিনেমা থেকে বের হয়ে এসেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সে সময় জানা গিয়েছিল শুটিং শিডিউল ও পারিশ্রমিক জটিলতার কারণে স্পিরিট ছেড়েছেন অভিনেত্রী। কিন্তু সন্দীপ রেড্ডি ভাঙ্গার এক রহস্যময় টুইট বার্তা দীপিকাকে ঘিরে অন্য বার্তা দিচ্ছে। এরই মাঝে ওই টুইট নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন।

নিজের এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ভাঙ্গা প্রশ্ন তোলেন  এটাই নারীবাদের পরিচয় কি না, যা অনেকেই দীপিকার প্রতি সরাসরি ইঙ্গিত বলেই মনে করছেন।

ভাঙ্গার অভিযোগ, দীপিকা নাকি আসন্ন ছবি ‘স্পিরিট’ এর চিত্রনাট্য ‘ফাঁস’ করেছেন এবং একই সাথে একজন কম বয়সী অভিনেত্রীকে ছোট করেছেন। এই কম বয়সী অভিনেত্রী যে তৃপ্তি দিমরি, তা প্রায় স্পষ্ট।

কয়েকদিন আগেই জানা যায়, স্পিরিট ছবিতে প্রভাসের বিপরীতে নারী চরিত্রে দীপিকার বদলে অভিনয় করবেন তৃপ্তি দিমরি।

সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার এক্স অ্যাকাউন্টে লেখেন, যখন তিনি কোনো অভিনেতাকে একটি গল্প শোনান, তখন তিনি শতভাগ বিশ্বাস রাখেন, তাদের ভেতর একটি অলিখিত নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট থাকে।

sandeep-dp-20250527115047

তিনি কোন নাম উল্লেখ না করে লেখেন, এটা করে আপনার আসল পরিচয় প্রকাশ করেছেন, একজন কম বয়সী অভিনেতাকে ছোট করা এবং গল্প ফাঁস করা। এটাই কি নারীবাদের প্রতিনিধিত্ব করে- এমন প্রশ্ন রাখেন।

ভাঙ্গা আরও লেখেন, ‘একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে, তিনি শিল্পের পেছনে বছরের পর বছর কঠোর পরিশ্রম করেন এবং তার কাছে চলচ্চিত্র নির্মাণই সবকিছু। আপনি এটা বোঝেননি। আপনি এটা বুঝবেন না। আপনি এটা কোনোদিনও বুঝবেন না।’

দীপিকার এই বের হয়ে যাওয়াকে ‘নোংরা পিআর গেম’ আখ্যা দিয়ে ভাঙ্গা আরও লিখেছেন, ‘এমন করো পরেরবার পুরো গল্পটা বলো কারণ আমার একটুও কিছু যায় আসে না।  তিনি প্রবাদ দিয়ে তার টুইটটি শেষ করেছেন, ‘খুন্দাক মে বিল্লি খাম্বা নোচে।’

ভাঙ্গার এই টুইটের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে জল্পনা। অনেকেই মন্তব্য করছেন, পরিচালক যে দীপিকাকেই ইঙ্গিত করেছেন, তা স্পষ্ট।

এর আগে স্পিরিট ছবির ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, দীপিকা দিনে ছয় ঘণ্টার বেশি শুটিং করতে রাজি ছিলেন না। তার এজেন্সি চুক্তিতে সংশোধনের দাবি জানিয়েছিল, যেখানে বলা হয়, শুটিং ১০০ দিনের বেশি হলে প্রতিটি অতিরিক্ত দিনের জন্য দীপিকাকে বাড়তি পারিশ্রমিক দিতে হবে। এই বিষয়গুলোই নাকি তার বাদ পড়ার অন্যতম কারণ।