তেল ট্যাংকার জব্দ নিয়ে উত্তেজনা না বাড়াতে ব্রিটেনকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ব্রিটেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইরান যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত আছে। ব্রিটেন ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিলেও আপাতত কূটনৈতিক পথে সমস্যার সমাধানের কথা জানিয়েছে। এদিকে ইরানের একটি জব্দ তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব।
ইরানি রাষ্ট্রদূত হামিদ বেইডিনিজাদ এক টুইটার বার্তায় বলেন, এই অঞ্চলে উত্তেজান বাড়ানোর কাজটি ব্রিটেনের জন্য অনভিজ্ঞ ও বিপজ্জনক কাজ হবে। আর ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট ব্রিটেনের তেল ট্যাংকার জব্দকে অবৈধ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ট্যাংকার জব্দ সম্পর্কে সোমবার এমপিদেরকে হালনাগাদ তথ্য জানানো হবে। ব্রিটিশ অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড আপাতত কূটনৈতিক পথে সমস্যার সমাধানে গুরুত্ব দিলেও জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি উড়িয়ে দেননি। তোবিয়াস এলউড বলেন, ‘আমাদের প্রথম এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাহাজ নিয়ে একটা সমাধানে পৌঁছানো। ঐ এলাকায় অন্যান্য ব্রিটিশ জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’ নিষেধাজ্ঞা নিয়ে এক প্রশ্নের জবাবে স্কাই নিউজকে এলউড বলেন, ‘আমরা আমাদের সহকর্মী এবং আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে লেখা এক চিঠিতে ইরান জানিয়েছে, জাহাজের সব ক্রু নিরাপদে আছেন।
ইরানের ট্যাংকার ছেড়ে দিল সৌদি আরব
অবশেষে ইরানের জব্দ করা তেল ট্যাংকার ছেড়ে দিয়েছে সৌদি আরব। গত ৩০ এপ্রিল সৌদি আরব ‘হ্যাপিনেস-১’ নামের তেল ট্যাংকারটি জব্দ করে। পারস্য উপসাগরে ট্যাংকারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সৌদি নৌবাহিনী এটি জব্দ করে জেদ্দা বন্দরে নিয়ে যায়। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া পার্স টুডের খবরে বলা হয়েছে, সৌদি আরব ট্যাংকারটির রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ দাবি করে তেহরানের কাছ থেকে ১ কোটি ডলারেরও বেশি অর্থ হাতিয়েছে।